'তৃণমূল বলে আর কোন দলের অস্তিত্ব নেই। আমরা দুটো কর্পোরেশনের আসন গড়ব।' আসন্ন কলকাতা এবং হাওড়া পুর নির্বাচনের প্রস্তুতি বৈঠকের পরে এভাবেই হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে ডিলিমিটেশন, মুখ্যমন্ত্রীকে হুমকি ফোন এবং চোরবাগানের ঘটনা-একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি, কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। প্রার্থী বাছাই নিয়ে প্রশ্নের উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, এই ধরনের কোনও খবর তাঁর কাছে নেই। তাঁর কথায়, 'আমার কাছে খবর নেই মানে দলের কাছেও খবর নেই। এই ধরনের কোথাও আবেদনপত্র বিজেপির কাছে আসেনি।' প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা জানাতে চাননি তিনি। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শমীক বলেন, 'তৃণমূল বলে কোনও দল নেই।' তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরদের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, সেই জল্পনা রয়েছে। তৃণমূল আমলে বহু কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ উঠেছে। অবৈধ বহুতল নির্মাণের অভিযোগও রয়েছে। এদিকে তৃণমূল থেকে বেরিয়ে সংখ্যাগরিষ্ঠ সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তাঁরাও পুরভোটে বিজেপিকে সমর্থন করবেন বলে জানানো হয়েছে। এনসিপিআই কি পুরভোটে প্রার্থী দেবে? সেই চর্চা চলছে। পুরসভা ভোটে তৃণমূলের 'দাগি'রা কি বিজেপির হয়ে টিকিট পাবেন? দলের অন্দরেও দিন কয়েক ধরেই এই বিষয়ে চর্চা চলছে। শমীক ভট্টাচার্যের দাবি, বিজেপি একার শক্তিতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে লড়েছে এবং মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তাঁর বক্তব্য, মানুষ জামা পরিবর্তন করার জন্য ভোট দেয়নি। ২০২১ সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়েই বিজেপি ২০২৬ সালের নির্বাচনে লড়েছে বলে দাবি করেন তিনি। শমীক ভট্টাচার্যের কথায়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার তৈরি হয়েছে। বিজেপি কারও দয়ায় ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিজেপির প্রতি মানুষের যে আস্থা রয়েছে, তা এখনও অটুট। কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন প্রসঙ্গে শমীক বলেন, কলকাতা ও হাওড়ার মানুষের বিজেপির প্রতি আস্থা রয়েছে। তিনি বলেন, 'আমরা দুটো কর্পোরেশনের আসন গড়ব।' তাঁর বক্তব্য, প্রত্যেকটি নির্বাচনই রাজনৈতিক দলের কাছে চ্যালেঞ্জ। নির্বাচনেই লড়াই হবে এবং মানুষ ভালো মেয়র পাবেন বলে মন্তব্য করেন তিনি। মেয়র দেখতে সুন্দর হবেন কি না, তা জানেন না, তবে তিনি কাজের মেয়র হবেন বলে জানান শমীক। ডিলিমিটেশন প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, হিয়ারিংয়ে উপস্থিত না হয়ে প্রতিবাদ করার সুযোগ হাতছাড়া করা হয়েছে। তাঁর বক্তব্য, সমালোচনা করার জায়গা ছিল এবং নির্দিষ্ট ফোরামও ছিল। এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, 'সন্ধ্যাবেলায় সেজেগুজে বসে টিভি চ্যানেলে বসে রাজনৈতিক রূপচর্চা করলে চলবে না, ময়দানে নেমে তাঁদের মতামত জানাতে হবে।'
Samik Sukanta on Vote: ‘তৃণমূল বলে কোনও দলের অস্তিত্ব নেই’, কলকাতা ও হাওড়া পুরভোট ঘিরে বড় দাবি শমীক-সুকান্তর
কলকাতা-হাওড়া পুরভোটে ঝাঁপানোর প্রস্তুতি বিজেপির, ‘তৃণমূলের অস্তিত্ব নেই’ বলে হুঙ্কার শমীক ভট্টাচার্যের
👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক